মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির সাজার মেয়াদ কমিয়েছে দেশটির সরকার। ২৭ বছরের যাবজ্জীবন কারাদণ্ডে সাড়ে ৪ বছর সাজা কমানো হয়েছে ৮০ বছর বয়সী এ নেত্রীর।
শুক্রবার, ১৭ এপ্রিল সু চির আইনজীবী বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। প্রতিবেদন বলছে, এতে তার সাজা কমে দাঁড়ালো সাড়ে ২২ বছরে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে আটক আছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি, জান্তার বিরুদ্ধে উস্কানি, নির্বাচনী ও রাষ্ট্রীয় গোপনীয় আইন ভাঙাসহ বেশকিছু অভিযোগ রয়েছে।
এসব মামলায় ২৭ বছরের সাজা ভোগ করছেন সু চি। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছেন সু চি।
আজ মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশটির নতুন প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ৪ হাজার ৩৩৫ জন বন্দির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। গত ছয় মাসে এটি এ ধরনের তৃতীয় পদক্ষেপ।
মিয়ানমারে সাধারণত প্রতিবছর জানুয়ারি মাসে স্বাধীনতা দিবস এবং এপ্রিলে নববর্ষ উপলক্ষে বন্দীদের জন্য এ ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়ে থাকে।
পতাকানিউজ/আরবি

