নওগাঁয় একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার, ২৭ জানুয়ারি দুপুর ২টায় সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর (পূর্বপাড়া) গ্রামের মনতাসুর রহমানের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, অজ্ঞাত ওই নারীকে অন্য কোথাও হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে টয়লেটের সেপটিক ট্যাংক ফেলে রাখা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাড়ির মালিক মনতাসুর রহমান জানান, সোমবার সকাল ৮টায় অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে জানানো হয় তার বাড়ির টয়লেটের ট্যাংকির ভেতরে একজন নারীর মরদেহ রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে দেরি হওয়ায় তিনি রাতে নওগাঁ সদর মডেল থানায় বিষয়টি অবহিত করেন। এরপর আজ দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ওসি মো. নিয়ামুল হক বলেন, ‘মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কিনা, তা পরীক্ষা করা হচ্ছে। নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পতাকানিউজ/এফকে/আরবি

