চট্টগ্রামের সড়ক যেন এখন অটোরিকশা চালকদের রাজত্ব! রাস্তার মোড়ে মোড়ে হর্নের বিকট শব্দ, বেপরোয়া অটোরিকশা চালকদের উল্টোপথে দৌড় আর যখন পুলিশ বাধা দেয়, তখনই শুরু হয় উত্তেজনা, গালাগালি আর হামলা। বাকলিয়া এক্সেস রোডের প্রতিদিনের চিত্রও একই। প্রায় প্রতিদিনই ট্রাফিক পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটছে। অথচ জনবল সংকটের কারণে জোরালো অভিযান চালাতে পারছে না পুলিশ। ফলে এলাকাজুড়ে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, রাস্তার মোড়ে মোড়ে অটোরিকশার দাপট, উল্টোপথে ছুটে চলা, আর পুলিশের চোখ রাঙানিতে রীতিমতো পাল্টা হুমকি! কেউ বাধা দিলে, সঙ্গে সঙ্গে হামলা, কখনও দল বেঁধে, কখনও একা একা।
গত ৭ অক্টোবর মহানগরের পতেঙ্গার কাটগড়ে এক পুলিশ সদস্য ট্রাফিক কনস্টেবল রেকার অপারেটর নজরুল ইসলাম রীতিমত ‘মবের’ স্বীকার হয়েছিলেন। ব্যস্ত সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখে জব্দ করে নিয়ে যাওয়ার সময় হামলার স্বীকার হন তিনি। ওই সময় ৫০ থেকে ৬০ জনের একটি দল তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তার ওপর হামলা করে। পরে অটোরিকশার কাঁচ ভেঙে দিয়ে ছিনিয়ে নেয় অটোরিকশাটি। ওই সময় ঘটনাস্থলে একজন ট্রাফিক পুলিশ সার্জেন্ট ও একজন ট্রাফিক পুলিশ সদস্য ছিলেন। তবে তারা কিছুই করতে পারেননি। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।

ওই ঘটনার রেশ না কাটতে ৬ দিনের মাথায় মহানগরের খুলশী এলাকায় ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ১৩ আগস্ট রাতে খুলশী রেলগেট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানের সময় পুলিশকে বাধা দেওয়া ও ট্রাফিক পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটেছে। এসময় ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের একটি বক্স ভাঙচুর করে বিক্ষুব্ধ অটোরিকশা চালকরা। ওই দিন বিকেলে খুলশী থানা ও ট্রাফিক পুলিশের যৌথ টিম মহানগরীর জালালাবাদ এলাকায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে। জালালাবাদ থেকে ওয়ারলেস মোড় হয়ে আমবাগান এলাকায় পৌঁছালে চালকরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে বাধা দেয়। এরপর আরেকটি দল রেলগেইট এলাকায় গিয়ে ট্রাফিক পুলিশ বক্সে ইটপাটকেল ছোড়ে। এতে দায়িত্বে থাকা এক কনস্টেবল আহত হন এবং ট্রাফিক সার্জেন্টের ব্যাগ ছিনিয়ে নেয়া হয়। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।
বাকলিয়া এক্সেস রোডেও অটোরিক্সা আটক করলে চালকদের সঙ্গে ট্রাফিক পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটছে। অনেকসময় হাতাহাতিও হয়। তবে ট্রাফিক পুলিশ এসব ঘটনাকে ছোটখাটো ঘটনা উল্লেখ করে এড়িয়ে যায়। শনিবার, ৮ নভেম্বরও এমন ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল এ সড়কে। প্রতিবেদককে বিষয়টি জানিয়েছে এক অটোচালক। তিনি বলেন, ‘অটোরিক্সা আটক করে ট্রাফিক পুলিশের এক সদস্য ওই অটোর ওপর বসা ছিল। এসময় চালক ট্রাফিক পুলিশসহ অটোটি উল্টে দেয়। এসময় ট্রাফিক পুলিশের হাত-পা ছিড়ে যায়।’
স্থানীয়রা বলছেন, ‘বাকলিয়ায় এখন রাস্তায় নামলেই আতঙ্ক! চালকদের নিয়ন্ত্রণে রাখতে গেলেই মারধরের শিকার হচ্ছেন দায়িত্বে থাকা ট্রাফিক সদস্যরা। গত কয়েক সপ্তাহে এমন হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।
বাকলিয়া এক্সেস রোড এলাকার বাসিন্দা ইয়াসিনুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুলিশ যদি রাস্তায় নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কি করে নিরাপদ থাকবে? এই বিশৃঙ্খলা থামানো হোক।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান বলেন, ‘বিভিন্ন এলাকায় প্রতিদিন আমাদের অভিযান চলমান রয়েছে। সারা শহরে ব্যারিকেড দিয়ে সব ধরবো ওই পরিমাণ লোকবলও আমাদের নেই। প্রতিদিন ৪ ডিভিশন এরিয়ায় (উত্তর, দক্ষিণ, পশ্চিম ও বন্দর) দেড়শো’র বেশি অটোরিক্সা ধরি। এর মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটছে। ট্রাফিক সদস্যরা আহতও হয়। সব তো আর বলা যায় না। মানুষের সাথে কাজ করতে গেলে এসব ঘটে। তবে অতিরিক্ত হয়ে গেলে সেটি আমরা নোটে রাখি। তারপরও অটোরিক্সা আমরা ধরে নিয়ে আসি।’
অটোরিক্সাকে শৃঙ্খলায় আনতে ফেরেশতা নামাতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার এরিয়াতে যে পরিমাণ সদস্য ডিউটি করে তারা এতো অটোরিক্সাকে কন্ট্রোল করাটা সো টাফ। তারা উল্টো পথে গাড়ি চালিয়ে অন্য গাড়িকেও মেরে দিচ্ছে। আমি নিজেই ভুক্তভোগী। কয়জনকে ধরা যাবে? কয়জনকে আইন মানাবো?’
অটোরিক্সা ধরে আনলে তারা পরিবার নিয়ে এসে কান্নাকাটি করে এর জন্য ছেড়ে দেই। এছাড়া এতো অটোরিক্সা ধরে রাখার জায়গাও নেই বলে জানান ডিসি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক-বন্দর) কবির আহমদ বলেন, ‘নগরবাসীর চলাচলের সুবিধার জন্য কমিশনার স্যারের নির্দেশে অটোরিক্সার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। এসময় নানা ঘটনা ঘটছে।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আক্তার বলেন, ‘রাস্তা-ঘাটে প্রতিনিয়ত ছোট-খাটো ঘটনা ঘটছে ট্রাফিক পুলিশের সাথে। যদি বড় ঘটনা ঘটে আমরা মামলা করে গ্রেপ্তার করি। ছোট-খাটো বিষয় এড়িয়ে চলি। এছাড়া আমাদের দেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল না।’
পতাকানিউজ/কেএস

