দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমামলার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘গত ১৭ বছর অনিয়ম ও দুর্নীতি করে মন্ত্রণালয় পরিচালনা করা হয়েছে। নিয়মনীতির কোনো তোয়াক্কা করা হয়নি। এখন সবই চলবে নিয়মের ওপর। দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমামলার আওতায় আনা হবে’
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি দুপুরে ময়মনসিংহের নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন, তাদের সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে চায় না।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। কারণ, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র বিকাশে অপরিহার্য বলে মনে করেন প্রধানমন্ত্রী।’
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তিন দিনের সরকারি সফরে আজ বেলা ১২টায় নান্দাইলে আসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নান্দাইলে এটি তার প্রথম সফর। নান্দাইলে পৌঁছালে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এসময় নান্দাইলের ইউএনও ফাতেমা জান্নাত উপস্থিত ছিলেন।
এরপর বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। পরে তিনি নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শন করেন।
পরে প্রতিমন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এরপর তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।
পতাকানিউজ/আরবি

