স্বাধীনতার পরবর্তী সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ইতিহাস ভঙ্গ করে জয়ী হওয়া পাবনা জেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও অপরাধমুক্ত, উন্নয়নশীল ঈশ্বরদী গড়ে তোলার কাজ শুরু করেছি। ইতোমধ্যেই শপথ গ্রহণের পর রেলগেটে ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের জন্য রেলমন্ত্রণালয়ের সচিবের সঙ্গে যোগাযোগ করেছি এবং সমস্যা সমাধানের আশ্বাস পেয়েছি।’
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের আলহাজমোড়ে এমপি আবু তালেব মন্ডলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে, সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর নিজ এলাকায় ফেরার সময় উপজেলা জামায়াত ইসলামের নেতাকর্মীরা দাশুড়িয়া মোড় থেকে আলহাজমোড় পর্যন্ত গাড়ি বহরে সজ্জিত হয়ে নব-নির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন।
এমপি আবু তালেব মন্ডল আরও বলেন, ‘২৪ জুলাইয়ের ঘটনা না হলে আমরা এইভাবে নির্বাচন করার সুযোগ পেতাম না। শহিদের আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাদের শাহাদতের মর্যাদা দান করেন। পাশাপাশি, দলের শীর্ষ নেতাসহ যারা নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।’
তিনি বিজয়ী হওয়ার পথে সহায়তা করা দলীয় নেতাকর্মী, ভোটার ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে সমর্থনকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমপি আরও বলেন, ‘ঢাকায় শপথ গ্রহণ করতে গিয়ে জানতে পারি, পরাজিত পক্ষ ঈশ্বরদীতে হামলা, মারপিট, ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে দখল, ভয়ভীতি সৃষ্টি করছে। এসব দিয়ে জনগণকে ভীত করা যাবে না। ঈশ্বরদী-আটঘরিয়ার জনগণ সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও অন্যায় মুক্ত উন্নয়নশীল এলাকা গড়ার জন্য নীরব ভোট বিপ্লব ঘটিয়েছে।’
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আগামীতে জনগণকে সঙ্গে নিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট নির্মাণ ও উন্নয়নমূলক কাজ করে যাবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা তালিমুল কোরআনের সেক্রেটারি জেনারেল গোলাম রব্বানী খান যোবায়ের, জেলা জামায়াতের নায়েবে আমির জহুরুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, সেক্রেটারি জেনারেল সাইদুল ইসলাম, পৌর জামায়াতের আমির গোলাম আজম, উপজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ মেম্বারসহ অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা।
-পতাকানিউজ/এসএমএইচ

