ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে রান্নার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মন্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার। রবিবার, ১১ জানুয়ারি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ সই করা পৃথক আদেশে এ তথ্য জানা যায়।
আদেশে উল্লেখ করা হয়, ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারের অভ্যন্তরে গ্যাসের চুলায় রান্না করার মতো চরম দায়িত্বহীন, শৃঙ্খলাবিরোধী ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে জড়িত থাকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় জনস্বাস্থ্য, রোগীর নিরাপত্তা এবং নার্সিং পেশার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।
এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারি (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী গুরুতর অসদাচরণ। এজন্য আদেশ জারির তারিখ হতে কল্পনা রানী মন্ডল ও রানী বালা হালদারকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে বিধি মোতাবেক তারা খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘দুজনের সাময়িক বরখাস্তের আদেশের কপি পেয়েছি। বিষয়টি নিয়ে পরবর্তী ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
পতাকানিউজ/এএএম/আরবি

