গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু আওয়ামী লীগের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হন। বুধবার, ১৩ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৫ মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তিনি একজন উপদেষ্টার নির্দেশেই ওই চাঁদাবাজি করা হয়েছে বলে দাবি করেছেন।
এদিকে, আজ বৃহস্পতিবার, ১৪ আগস্ট সকালে জানে আলম অপুর স্ত্রী আনিশা এক সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তারের আগে বিএনপি নেতা ইশরাক হোসেনের লোকজন অপুকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করে জোরপূর্বক ভিডিওটি করিয়েছিল।
সকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত জরুরি এ সংবাদ সম্মেলনে আনিশা বলেন, গ্রেপ্তারের সঠিক সময় প্রকাশ না করে কোর্টে তোলার আগে তার স্বামীকে দিয়ে জোর করে নানা বক্তব্য নেওয়া হয়েছে। এনসিপির নেতাদের ফাঁসাতে এবং চাপে রাখতে একটি দল অপুকে দিয়ে নাটক সাজাচ্ছে।
আনিশার অভিযোগ, আইনি সহায়তার কথা বলে বিএনপি নেতা ইশরাক একজন উপদেষ্টার নাম বলাতে অপুকে বাধ্য করেন। কোনো চাঁদাবাজির সঙ্গে আমার স্বামী জড়িত নন। অপু মূলত ভুল বোঝাবুঝি ও মিডিয়া ট্রায়ালের শিকার। ইশরাকের লোকজন তাঁকে তুলে নিয়ে নির্যাতন করেছে। গ্রেপ্তারের পর কোর্টে তোলার আগেই হয়তো ভিডিও ধারণ করা হয়েছে।
তিনি এ ঘটনার সত্যতা যাচাই করতে গণমাধ্যমকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
এর আগে রাজধানী গুলশানে সাবেক এমপির বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত ১ আগস্ট অপুকে গ্রেপ্তার করে। তবে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে গত ২৬ জুলাইয়ের চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বরং একজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ তোলেন অপু।
পতাকানিউজ/এআই

