ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার অপেক্ষায় থাকা গাড়ির দীর্ঘ সারিতে একটি ট্রাকের ধাক্কায় জুয়েল দাস নামে এক কারখানা কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন মাইক্রোবাস চালক আহত হয়েছেন এবং মিনিবাস, মাইক্রোবাস ও অটোরিকশাসহ ৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার, ১৩ আগস্ট সকাল ৯টায় ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় ‘ইকবাল সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল দাস (৩৫) নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় মুহুরীগঞ্জের পিএইচপি কারখানায় কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তীব্র গ্যাস সংকটের কারণে গতকাল বুধবার বিকেল থেকেই ইকবাল সিএনজি ফিলিং স্টেশনে জ্বালানি নেয়ার জন্য গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। আজ সকালেও মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল অসংখ্য যানবাহন। সকাল ৯টায় জুয়েল দাস কারখানায় যাওয়ার উদ্দেশে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পরবর্তীতে লাইনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে চেইন রিয়্যাকশনে মিনিবাসটি সামনে থাকা তিনটি মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে পর পর ধাক্কা দেয়। দুর্ঘটনার পরই ক্ষুব্ধ চালক ও ঘাতক ট্রাকটির চালককে গণধোলাই দেয় স্থানীয় জনতা।
ফাজিলপুর হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পতাকানিউজ/এএএম/আরবি

