চট্টগ্রাম নগরীর হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ছায়েদুর রহমান কর্মস্থলে একটি সভায় ছিলেন। তখন তাঁকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।
সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এ সময় তিনি স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে স্ত্রী বাসায় ফিরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে হালিশহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ছায়েদুর রহমানের তিন মেয়ে। বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে এমবিবিএস পড়ছেন। তাঁরা দুজনই ঢাকায় থাকেন। মেজো মেয়ে চিকিৎসক হিসেবে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
হালিশহর থানার ওসি জয়েনাল আবেদিন মণ্ডল বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

-পতাকানিউজ

