বলিউড তারকা ক্যাট-ভিকি দম্পতির কোল আলো করে এলো তাঁদের প্রথম সন্তান। শুক্রবার এই দম্পতি তাঁদের প্রথম পুত্রসন্তান জন্মের খবর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামে যৌথ বার্তায় তারা জানিয়েছে ‘তাঁদের খুশির উৎস এসে গেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতা নিয়ে তাঁরা তাঁদের ছেলেকে স্বাগত জানিয়েছে।
ক্যাট-ভিকির এই আনন্দের মুহূর্তে সামিল হয়েছেন আরও অনেকেই। বলিউড তারকাদের অনেকেই তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রিয়াংকা চোপড়া লিখেছেন, ক্যাটের পুত্রের আগমনে তিনি অনেক খুশি। তিনি অভিনন্দন জানিয়েছেন তাঁদের। কারিনা কাপুর লিখেছেন,’বয় মাম্মা ক্লাবে স্বাগতম!
এছাড়া দিয়া মির্জা, সোনম কাপুর, নেহা ধূপিয়া, মনীষ মালহোত্রা, অর্জুন কাপুর, গুনিত মঙ্গা সহ আরও অনেকে অভিনন্দন জানিয়েছে নতুন মা-বাবাকে।
গত ২৩ সেপ্টেম্বর ক্যাটরিনা ও ভিকি কৌশল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জানিয়েছিলেন তাঁরা মা-বাবা হতে চলেছেন। ৪২ বছর বয়সে মাতৃত্ব গ্রহণের জন্য সেসময় আলোচনায় আসেন ক্যাটরিনা। তিনি প্রমাণ করে দেন যে মাতৃত্বের ক্ষেত্রে বয়স কেবলই একটি সংখ্যা। সেসময় তিনি জানিয়েছিলেন, জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন তাঁরা।
ক্যাট-ভিকির চার বছরের বিবাহিত জীবনে ক্যাটের মা হওয়ার গুজব ছড়িয়েছে বহুবার। কিছুদিন আগে বেবি বাম্প সহ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সেই জল্পনা যেনো আরও বেড়ে যায়।
২০১৯ সালে ‘ফিল্মফেয়ার’ এর এক সাক্ষাৎকারে ক্যাট বলেছিলেন, তিনি চান তাঁর সন্তানরা যেন মা-বাবা দুজনের সাথেই বড় হয়। নিজের জীবনের শূন্যতার ছায়া তিনি তাঁর সন্তানদের উপর ফেলতে চান না।
ক্যাটরিনা আরও বলেন, বাবার অনুপস্থিতিতে মেয়েদের জীবনে একধরনের শূণ্যতা রয়ে যায়। মানসিকভাবে ভঙ্গুর হয়ে পড়ে তারা। ক্যাটরিনা তাঁর সন্তানদের সেই অভিজ্ঞতা দিতে চান না। তাঁর সন্তানরা যেনো বাবা-মা দুজনের সাথে বেড়ে ওঠে এটিই তার চাওয়া। তিনি মনে করেন যাদের কাছে বাবার নিঃস্বার্থ ভালোবাসা আছে তারা সত্যিই অনেক ভাগ্যবান।
পতাকানিউজ/কেএ

