বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে এক বিএনপি নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত তাহেরুল ইসলাম রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে নারীদের ভোটকক্ষে অনুমতি ছাড়া প্রবেশ করেন তাহেরুল ইসলাম। এ অপরাধে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে অঙ্গীকারনামা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।’
অভিযোগের বিষয়ে তাহেরুল ইসলাম বলেন, ‘ওই কেন্দ্রে জামায়াতের কিছু নারী কর্মী জান্নাতের টিকিট বিক্রি করছিলেন। বিষয়টি দেখে আমি বাধা দিতে গেলে এ ঘটনা ঘটে।
জামায়াত প্রার্থী আবিদুর রহমান অভিযোগ করে বলেন, ‘বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোটারদের সহযোগিতার জন্য স্থাপিত জামায়াতের প্যান্ডেলে স্বশস্ত্র হামলা করেছে বিএনপি। তারা প্যান্ডেল ভাঙচুর করে চোর, টেবিল ছিনতাই করে নিয়ে গেছে। এসময় বিএনপি কর্মিদের হামলায় সাইফুল ইসলাম নামের এক জামায়াত কর্মী আহত হয়েছেন।
তিনি বলেন, ‘হামলাকারীরা মাহফুজার রহমান নামের এক জামায়াত কর্মিকে তুলে নিয়ে গেছে বলে স্থানীয় জামায়াতের নেতারা জানিয়েছেন। এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।’
অপরদিকে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী মীর শাহে আলমের নির্বাচনি এজেন্ট প্রভাষক নজরুল ইসলাম অভিযোগ করেন, ‘মাঝিহট্ট ইউনিয়নের কেলুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দাঁড়িপাল্লার অফিস থেকে দুই বস্তা রামদা, হাসুয়া ও দেশীয় অস্ত্রিউদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পালিয়ে গেছে।’
পতাকানিউজ/পিএম/আরবি

