শাড়িকাণ্ডের মামলার বাদী ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীকে (সানায়া চৌধুরী) হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন সানায়া চৌধুরী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ আমলে নেন এবং আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দেন।
বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে এর আগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন সানায়া চৌধুরী। তবে তদন্ত শেষে পুলিশ সম্প্রতি তানজিন তিশাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে।
পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত ২৫ অক্টোবর আদালতে নারাজি আবেদন করেন বাদী। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবেদনটি মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
এরপর তানজিন তিশা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়েছেন এবং বাসায় লোকজন পাঠিয়েছেন বলে অভিযোগ করেন সানায়া চৌধুরী। এ ঘটনায় নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি নতুন মামলাটি করেন।
পতাকানিউজ/এএ

