অমর একুশে বইমেলা–২০২৬ আপাতত স্থগিত করেছে বাংলা একাডেমি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জাতীয় নির্বাচনের পর এ মেলার আয়োজন করা হবে।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে নির্দেশ দেওয়া হয়েছে যে, অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন–পরবর্তী সময়ে আয়োজন করতে হবে।
এ কারণে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)সহ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে ২০২৬ সালের বইমেলার নির্ধারিত তারিখ বাতিল করা হলো। নতুন সময়সূচি অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় এবারের বইমেলা ডিসেম্বরের ১৭ তারিখ থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল।
পতাকানিউজ/এনটি

