২০ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও ৫ দিন পিছিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বই মেলা-২০২৬। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। বুধবার, ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজিত মতবিনিময় সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ কথা জানান।
এদিকে এবারের মেলায় স্টল ভাড়া মওকুফের সিদ্ধান্তও নেয়া হয়েছে সভায়।
এর আগে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের কথা জানিয়েছিল বাংলা একাডেমি। এছাড়া রমজান মাসের কারণে অমর একুশে বইমেলা ঈদের পর করার দাবি জানিয়ে আসছিলেন প্রকাশকদের একাংশ।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, অমর একুশে বইমেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। যেসব প্রকাশনা প্রতিষ্ঠান এখনও স্টল বরাদ্দ নেয়নি, তারা আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় আবেদন জমা দিতে পারবে। আজ সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ সম্পন্ন করা হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি দেয়া হবে একুশে পদক।
প্রসঙ্গত, প্রতি বছর সাধারণত ১ ফেব্রুয়ারি মেলা শুরু হয়ে চলত পুরো মাসজুড়ে।
পতাকানিউজ/আরবি

