দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর জামিন নাকচ করেছেন আদালত।
বুধবার, ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো। সাব্বির ফয়েজ এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করে দুদকের বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম জানান, হেনরীর পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
এর আগে গত ১ অক্টোবর বিকালে যৌথ অভিযানে মৌলভীবাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। সিরাজগঞ্জের যুবদল নেতা সোহানুর রহমানসহ তিনটি হত্যা মামলার ঘটনায় হেনরীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে কারাগারে যান হেনরী।
গত ২৩ ডিসেম্বর জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আসিফ আল-মাহমুদ মামলা করেন। পরে ১৩ জানুয়ারি এ মামলায় তাকে গ্রেপ্তার দেখায় দুদক।
মামলা সূত্রে জানা যায়, দুর্নীতি ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে। তিনি মোট ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন, যা তার ঘোষিত বা বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
এছাড়া তার নামে খোলা ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকা লেনদেন হয়েছে। পাশাপাশি, ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনেরও তথ্য পাওয়া গেছে।
পতাকানিউজ/এআই

