অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশাধিকার সীমিত করতে যাচ্ছে। নতুন নিষেধাজ্ঞায় জনপ্রিয় অনলাইন ফোরাম রেডিট এবং লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম কিকসহ মোট নয়টি সাইট অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন দেশটির অনলাইন সেফটি কমিশনার।
যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বুধবার, ৫ নভেম্বর জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিষেধাজ্ঞা ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এতে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, এক্স এবং ইউটিউবের প্রবেশাধিকারও সীমিত করা হবে।
ওয়েলস বলেন, ‘অনলাইন প্ল্যাটফর্মগুলো শিশুদের লক্ষ্য করে অত্যন্ত নিয়ন্ত্রণমূলক প্রযুক্তি ব্যবহার করে। আমরা চাই তারা সেই একই প্রযুক্তি ব্যবহার করে শিশুদের অনলাইনে নিরাপদ রাখুক। গত এক মাসে আমরা কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের সঙ্গে বৈঠক করেছি যাতে তারা বোঝে যে এই আইন কার্যকর না করার কোনো অজুহাত নেই। আমরা চাই শিশুদের একটি স্বাভাবিক শৈশব কাটুক, এবং মা-বাবার মানসিক শান্তি বজায় থাকুক।’
অস্ট্রেলিয়া গত বছরের নভেম্বর মাসে গুরুত্বপূর্ণ অনলাইন সেফটি আইন পাস করার পর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে এই নিষেধাজ্ঞার জন্য প্রস্তুতি নিতে ১২ মাসের সময় দিয়েছিল। প্রাথমিক আলোচনায় মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক, এক্স এবং ইউটিউবকে নিয়ে আলোচনা হলেও পরে তালিকাটি সম্প্রসারিত করা হয়। ওয়েলস জানিয়েছেন, এই তালিকা ভবিষ্যতে আরও পরিবর্তিত হতে পারে।
গত বছর ১৪০-এর বেশি অস্ট্রেলীয় ও আন্তর্জাতিক শিক্ষাবিদ প্রধানমন্ত্রী অ্যানথনি আলব্যানিজকে একটি খোলা চিঠি পাঠিয়ে বয়সসীমার এই নিষেধাজ্ঞাকে ‘মোটা হাতিয়ার’ হিসেবে সমালোচনা করেছিলেন। তবে শিশুদের ওপর অনলাইন প্ল্যাটফর্মের প্রভাব নিয়ে উদ্বিগ্ন দেশগুলো কানবেরার পদক্ষেপকে ঘনিষ্ঠভাবে নজর করছে।
ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট জানিয়েছেন, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশাধিকার বিলম্ব করলে তারা শেখা ও বিকাশের জন্য মূল্যবান সময় পাবে এবং ক্ষতিকর ডিজাইন বৈশিষ্ট্য যেমন অস্বচ্ছ অ্যালগরিদম ও স্ক্রলের প্রভাব থেকে মুক্ত থাকবে।
তিনি বলেন, শিশুদের উপর সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার প্রভাব মূল্যায়নের জন্য শিক্ষাবিদদের সঙ্গে কাজ করা হবে। এতে দেখা হবে শিশুরা কি বেশি ঘুমাচ্ছে, পারস্পরিক ক্রিয়াকলাপে অংশ নিচ্ছে, বা শারীরিকভাবে আরও সক্রিয় হচ্ছে কি না।
জুলি ইনম্যান আরও জানিয়েছেন, তারা এই নিষেধাজ্ঞার অনিচ্ছাকৃত প্রভাবও খুঁজে দেখবেন এবং প্রমাণ সংগ্রহ করবেন, যাতে অন্য দেশগুলো অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে। নতুন নিয়ম মেনে চলার বিষয়ে প্ল্যাটফর্মগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং নিয়ম না মানার ক্ষেত্রে ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা আরোপ করা যেতে পারে।
তবে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য সরকারি পরিচয়পত্র জমা দিতে বাধ্য করা সম্ভব না হওয়ায় এই নিষেধাজ্ঞা কার্যকর করা কতটা সহজ হবে।
পতাকানিউজ/টিআইএ

