মেহেরপুরের গাংনী পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে মনিরুজ্জামান মণি নামে এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। রবিবার, ২৩ নভেম্বর দিবাগত রাত ২টা থেকে সোমবার, ২৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এসময় তার ঘরের ছাদের ওপর থেকে একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়।
মনিরুজ্জামান গাংনী পৌরসভার আখসেন্টার পাড়ার মহির উদ্দীনের ছেলে এবং গাংনী পৌর যুবদলের যুগ্ম সম্পাদক।
সেনাক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনিরুজ্জামান মনির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রসহ মনিরুজ্জামান মনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ওসি বনী ইসরাইল জানান, মনিরুজ্জামান মনির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার কার্যক্রম শেষ হলে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পতাকানিউজ/এমওয়াই

