ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার, ২৫ জানুয়ারি মধ্যরাতে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন নতুন ভুক্ত মালিথিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের হামলায় মুক্তার হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছেন। উত্তেজিত জনতা আটক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে মালিথিয়া গ্রামের গ্রামীণ ব্যাংক অফিসের সামনে মুক্তার হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতির প্রস্তুতিকালে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে। এসময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে গ্রামবাসী একজনকে ঘেরাও করে আটক করে। পরে তার কাছ থেকে একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আহতাবস্থায় আটক ডাকাত সদস্যকে উদ্ধার করে এবং অস্ত্র ও গুলি জব্দ করে।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
পতাকানিউজ/এআর/আরবি

