কক্সবাজারে উখিয়ার বালুখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা ৫ ডাকাতকে আটক করেছে র্যাব।
বুধবার, ৪ মার্চ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ ম ফারুক।
আটকরা হলেন- মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, মঙ্গলবার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার এলাকায় জনৈক আব্দুর রহমানের ভাড়া বাসায় কতিপয় ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় জড়ো হওয়ার খবর পায় র্যাব। এরপর সেখানে অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। এসময় আটকদের দেহ তল্লাশি করে দেশি তৈরি ২ টি বন্দুক, ৭ টি গুলি, ২টি ছোরা ও ৪ টি ধারালো বিশেষ ধরণের রিং উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান, র্যাবের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
পতাকানিউজ/এনএ/আরবি

