আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী চৌধুরী স্বাক্ষরিত স্মারকলিপিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
গত বছরের ৬ নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়। স্মারকলিপিতে আইনজীবীরা বলেন, ‘এ হত্যাকাণ্ড সমগ্র আইনজীবীসহ দেশবাসীকে গভীরভাবে শোকাহত করেছে। এ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে বেশ কয়েকজন এখনও পলাতক। ফলে মামলার বিচার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং আইনজীবীদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, আইনজীবী হত্যার আসামিরা দীর্ঘদিন গ্রেপ্তার না হওয়া আইনের শাসন, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
স্মারকলিপিতে পুলিশ কমিশনারের কার্যকর পদক্ষেপে এ নৃশংস হত্যাকাণ্ডের পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হলে নিহতের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে এমন আশাবাদ ব্যক্ত করা হয়।
স্মারকলিপির অনুলিপি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নিকটও প্রেরণ করা হয়েছে।
পতাকানিউজ/এসজিএন

