প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক নয়, তবে তিনি আশা প্রকাশ করেন যে ভোটের আগ পর্যন্ত পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে।
আজ বুধবার (২৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনের সময় সিইসি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রতিটি আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। এর ফলে ভোটের দিন সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
সিইসি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি নিখুঁত নয়, তবে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। ভোট প্রতিহত করার যে কোনো হুমকিকে নির্বাচন কমিশন গুরুত্বসহকারে নিয়েছে এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিজিবি মোতায়েন করা হবে। সীমান্তবর্তী সাতটি উপজেলায় তারা এককভাবে দায়িত্ব পালন করবে। ভোটগ্রহণ উপলক্ষে সংস্থাটি ভোটের আগে ও পরে মোট চারদিন দায়িত্বে থাকবে।
নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করার মাধ্যমে দেশের ভোটপ্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে।
পতাকানিউজ/এনটি

