পুলিশসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নের লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা ও সুপারিশমালা তৈরির নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের এ নির্দেশনা দেন তিনি।
সভায় নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হওয়ায় জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। সে প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীতে গণতান্ত্রিক সংস্কার জরুরি। এজন্য প্রথমেই সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণে কাজ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিক মান উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং বাজেট বরাদ্দ নিশ্চিত করা জরুরি। অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় নতুন জনবল নিয়োগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে আধুনিক ও কার্যকর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আইনশৃঙ্খলা বাহিনীর উন্নয়নে একটি কার্যকর পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দিয়ে সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানদের কাছ থেকে বিস্তারিত পরামর্শ ও সুপারিশমালা তৈরির নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব সুপারিশের ভিত্তিতেই সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা হবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান ও সংশ্লিষ্ট অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-পতাকানিউজ

