আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী প্রস্তাব করেছে। নতুন বিধানে জোটগত প্রার্থী হলেও ভোটারদের স্বতন্ত্রভাবে প্রতিটি প্রার্থীর নিজ দলের প্রতীকে ভোট দেওয়ার বিধান রাখা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান বিলোপ করা হয়েছে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার অনলাইন পদ্ধতি বাতিল হচ্ছে। সব প্রার্থীকে সরাসরি রিটার্নিং অফিসারের কাছে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। এছাড়া আদালত থেকে ফেরারি বা পলাতক ঘোষিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রার্থীর জামানতও ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হচ্ছে।
নতুন আরপিও সংশোধনীতে সরকারি কর্মচারী, কয়েদি ও প্রবাসীদের জন্য অনলাইন নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটের সুযোগ রাখা হয়েছে। এতে ভোটের হার বাড়ানোর পাশাপাশি রেসিস্টেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত হবে। প্রার্থীদের সর্বশেষ ট্যাক্স বছরের রিটার্ন, দেশে ও বিদেশে থাকা সম্পদ ও আয়ের উৎসের তথ্যও দিতে হবে।
একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের বিধান রাখা হয়েছে। অর্থাৎ কোনো আসনে একজন প্রার্থী থাকলেও ভোটারদের ‘না’ ভোট প্রদানের সুযোগ থাকবে। যদি ‘না’ ভোট জয়ী হয়, পুনরায় ভোট অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয়বারও একক প্রার্থী থাকলে তিনিই নির্বাচিত হবেন।
ইসির সূত্র জানিয়েছে, অনিয়মের কারণে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা কমিশনের হাতে থাকবে। এছাড়া হলফনামায় মিথ্যা তথ্য প্রমাণিত হলে সংসদ সদস্যপদ বাতিল, দলের নিবন্ধন না দিলে তার কারণ ১৫ দিনের মধ্যে জানাতে হবে, সমভোটের ক্ষেত্রে লটারি প্রথা বাতিল, আর পুলিশ প্রশাসনের বদলিতে ডিআইজি পর্যন্ত ইসির অনুমতি বাধ্যতামূলক হবে।
নতুন বিধানে নারীদের লক্ষ্য করে সাইবার বুলিং প্রতিরোধ, বিদেশে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা না করা, কৃত্রিম বুদ্ধিমত্তি (এআই) প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচারের ক্ষেত্রে শুধুমাত্র প্রার্থী নয়, গণমাধ্যমকেও শাস্তির আওতায় আনা হয়েছে। এছাড়া রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত হলে নিবন্ধনও স্থগিত হবে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, এসব সংশোধনী আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদনের পর গেজেট আকারে প্রকাশ করা হবে এবং নতুন নিয়ম অনুযায়ী ভোট ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হবে।
পতাকানিউজ/এনটি

