আগামী ১৫ মার্চ শুরু হয়ে ৩০ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে আইপিএলের ১৯তম আসরের খেলা। টুর্নামেন্টের শেষ দিকে ও মে মাসের মাঝামাঝিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। প্রশ্ন উঠেছে, সে সিরিজে কি খেলবেন মোস্তাফিজ? নাকি আইপিএল-এই থাকবেন রেকর্ডমূল্যে বিক্রি হওয়া এ পেসার?
ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের নিলামে মোস্তাফিজুর রহমানের রেকর্ড মূল্যে দল পাওয়ার পর থেকেই আলোচনা চলছে, পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন তো বাঁহাতি এই পেসার? এর স্পষ্ট উত্তর দিয়েছেন বিসিবির ক্রিকেট অপ্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফাহিম জানিয়েছেন, ৮ দিনের জন্য আইপিএল ছেড়ে দেশে ফিরে আসবেন মোস্তাফিজ। ওই সময়ে হওয়া কলকাতা নাইট রাইডার্সের ম্যাচগুলো খেলা হবে না তার।
আইপিএলের নিলামে ত্রিমুখী কাড়াকাড়ির পর ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকার বেশি) মোস্তাফিজকে কিনে নিয়েছে মোস্তাফিজ। আইপিএল খেলতে তার অনাপত্তিপত্রের সিদ্ধান্ত জানিয়েছেন ফাহিম।
‘মোস্তাফিজকে আমরা এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দিয়েছি পুরো আইপিএলের জন্য। শুধু নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে যে তিনটা ম্যাচ থাকবে, সেখানে ও জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে।’
ঘরের মাঠে সিরিজে মোস্তাফিজকে ছাড়া খেলার সাহস কেন দেখাতে পারছে না বোর্ড, সেই প্রশ্নও ওঠে সংবাদ সম্মেলনে। উত্তরে ফাহিম বলেন, বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র্যাঙ্কিংয়ের হিসেবনিকেশ থাকায় মোস্তাফিজকে নিয়েই খেলবে দল।
‘ওয়ানডেতে তো আমরা জানি যে আমাদের বাছাইয়ে একটা বিষয় আছে। তাই ঐ জায়গাটা আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নই। আমরা এখন যে জায়গায় আছি… যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো আমরা সেটা করতে পারতাম। কিন্তু আমরা সেই জায়গাটা নেই বলেই সিদ্ধান্তটা নেয়া।’
পতাকানিউজ/কেএস

