বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল রবিবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করে প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডা. জাহিদ হোসেন জানান, হাসপাতালে ভর্তির পর থেকেই মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এর আগে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানান, হঠাৎ বুকে সংক্রমণ দেখা দেওয়ায় হার্ট ও ফুসফুসেও প্রভাব পড়ে। পরিস্থিতি জটিল হওয়ায় দ্রুত হাসপাতালে আনা হয় তাকে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে জরুরি চিকিৎসা শুরু হয়েছে এবং তিনি সর্বোচ্চ পর্যবেক্ষণে রয়েছেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। চলতি বছরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং চিকিৎসা শেষে মে মাসে দেশে ফেরেন।
পতাকানিউজ/এনটি

