আইসিসি প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও অবনমন ঘটল বাংলাদেশ ক্রিকেট দলের। ২০ দলের তালিকায় টাইগাররা এক ধাপ পিছিয়ে নবম স্থান থেকে দশম স্থানে নেমে গেছে। সোমবার, ১০ আগস্ট পর্যন্ত হালনাগাদ করা র্যাঙ্কিংয়ের তথ্য অনুযায়ী এ পরিবর্তন দেখা গেছে।
দীর্ঘ দেড় যুগ ধরে ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক অঙ্কের ঘরে অবস্থান করছিল বাংলাদেশ। ২০০৬ সালের অক্টোবরে প্রথমবার দশম স্থানে নামার পর দীর্ঘ সময় ধরে অবস্থান ছিল শীর্ষ আট–নয় দলের মধ্যে। তবে ২০২৫ সালের মে মাসে আবারও দশম স্থানে নেমে আসে টাইগাররা। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে জয়ের সুবাদে অস্থায়ীভাবে নবম স্থানে উঠলেও সেই অবস্থান ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাশাপাশি অবনতি হয়েছে পাকিস্তানেরও। চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেছে দলটি। ফলে শীর্ষ দশে দুটি পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের নবম স্থানে জায়গা নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের জায়গা নিয়েছে শ্রীলঙ্কা। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৮ ও বাংলাদেশের ৭৭। অন্যদিকে শ্রীলঙ্কার রেটিং ১০৩ এবং পাকিস্তানের ১০২। আর ১২৪ রেটিং নিয়ে তালিকার শীর্ষে ভারত ও দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১০৯।
অন্যদিকে ওয়ানডের পাশাপাশি বাংলাদেশ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও দশম স্থানে এবং টেস্ট র্যাঙ্কিংয়ে নবম স্থানে রয়েছে।
উল্লেখ্য, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে র্যাঙ্কিংয়ের গুরুত্ব এখন অনেক বেশি। ১৪ দলের এই আসরে স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের অংশগ্রহণ নিশ্চিত হলেও বাকি ১২টি জায়গার মধ্যে আটটি নির্ধারিত হবে সরাসরি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। আর বাকি চারটি আসবে বাছাই পর্বের মাধ্যমে।
আগামী বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে টাইগারদের। এ হিসাব থেকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে বাদ দেওয়া হবে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা আছে ষষ্ঠ স্থানে, জিম্বাবুয়ে ১১ নম্বরে।
–আইসিসি
পতাকানিউজ/ওয়াইএস

