বগুড়ার শিবগঞ্জ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হককে অভিযুক্ত করে দুর্নীতি দমন কমিশন আইনে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতেতথ্য গোপন করে জ্ঞাত আয় বর্হিভুত ১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৮১৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আজিজুল হক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার বানাইল মহল্লার মৃত মোজাম্মেল হকের ছেলে।
দুদকের আদালত পরির্দশক জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামি আজিজুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও হুলিয়া জারির জন্য আদালতে প্রার্থনা করা হয়েছে। গত ২৪ অক্টোবর দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক রোকনুজ্জামান ওই আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন।
মামলা সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী সাবেক পরিচালক হাফিজুর রহমান বাদী হয়ে বগুড়া জেলা কার্যালয়ে গত ২০২৪ সালের ২৯ জানুয়ারি আজিজুল হকের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে আসামি আজিজুল হকের সম্পদ বিবরণী দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়। গত ২০২৩ সালের ১০ মে দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। ওই সম্পদ বিবরণীতে তথ্য গোপন করে ১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৮১৪ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন আজিজুল হক। এ অপরাধে তার বিরুদ্ধে মামলা করা হয়।
পতাকানিউজ/পিএম/আরবি

