বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকীকরণ ও আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করার লক্ষ্যে চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২৭ হাজার কোটি টাকা।
সরকারি সূত্রে জানা গেছে, চুক্তিটি সরাসরি ক্রয় বা জিটুজি (সরকার-সরকার) পদ্ধতিতে চীনের সঙ্গে সম্পন্ন হতে পারে। আগামী ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে প্রকল্পটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। আনুষ্ঠানিক নথি অনুযায়ী, চুক্তির মূল্য ১০ বছরে, অর্থাৎ ২০৩৫-৩৬ অর্থবছর পর্যন্ত ধাপে ধাপে পরিশোধ করা হবে।
চীনের জে-১০ সিই যুদ্ধবিমান মূলত দেশটির বিমানবাহিনীতে ব্যবহৃত জে-১০সি মডেলের রপ্তানি সংস্করণ। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রস্তাব অনুযায়ী, প্রতিটি যুদ্ধবিমানের দাম ধরা হয়েছে প্রায় ৬ কোটি ডলার। প্রশিক্ষণ, যন্ত্রাংশ, পরিবহন, বীমা, ভ্যাট, কমিশন ও অন্যান্য খরচসহ মোট ব্যয় হবে ২২০ কোটি ডলার।
গত মার্চে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় জে-১০ সিই কেনা নিয়ে আলোচনা হয়। এরপর এপ্রিলে বিমান বাহিনীর প্রধানকে সভাপতি করে ১১ সদস্যের একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। কমিটিটি এখন চুক্তিপত্রের খসড়া, মূল্য নির্ধারণ এবং পেমেন্ট শর্তাবলি পর্যালোচনা করছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মনিরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ বিমান বাহিনীর নতুন যুদ্ধবিমান কেনার প্রয়োজন অনেকদিন ধরেই ছিল। তবে কেনার আগে ভূ-রাজনৈতিক প্রভাব বিবেচনা করাও জরুরি। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের টানাপোড়েনের প্রেক্ষাপটে সিদ্ধান্ত নেওয়া সতর্কতার দাবি রাখে।’
বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে ২১২টি উড়োজাহাজ আছে, যার মধ্যে ৪৪টি যুদ্ধবিমান। এর মধ্যে রয়েছে ৩৬টি চীনা এফ–৭, ৮টি রাশিয়ান মিগ–২৯বি ও ইয়াক–১৩০ লাইট অ্যাটাক বিমান। জে-১০ সিই যুক্ত হলে বিমান বাহিনীর আধুনিকীকরণে বড় পরিবর্তন আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
বিশ্লেষকদের মতে, নতুন যুদ্ধবিমান যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। তবে এত বড় প্রতিরক্ষা চুক্তির আর্থিক দায় ও ভূ-রাজনৈতিক প্রভাবও বিবেচনা করতে হবে।
পতাকানিউজ/এআই

