চলতি বছরের মতো আসন্ন ২০২৬ সালেও দীর্ঘ ছুটির আমেজে থাকবে দেশ। সরকারি সূত্রে জানা গেছে, আগামী বছরও পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় মোট ১১ দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি উপভোগ করবে জনগণ।
রবিবার (৮ নভেম্বর) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, নতুন তালিকা অনুযায়ী আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে, ফলে পরপর লম্বা ছুটির সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা।
তিনি আরও জানান, সাধারণত ঈদের ছুটি তিন দিন হলেও বিগত কয়েক বছরে তা নির্বাহী আদেশে বাড়ানো হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে ২০২৬ সালেও ঈদুল ফিতরে ৫ দিন এবং ঈদুল আজহায় ৬ দিনের ছুটি থাকবে।
অন্যদিকে, দুর্গাপূজার ছুটি একদিন থেকে বাড়িয়ে দুই দিন করার সিদ্ধান্তও বহাল রাখা হয়েছে। এর ফলে ধর্মীয় উৎসবের সময় কর্মজীবী মানুষদের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশ নেওয়া আরও সহজ হবে বলে মনে করছে প্রশাসন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ অক্টোবর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়েছিল। তখনই ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ছুটি যথাক্রমে ৫ ও ৬ দিন নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের সফল বাস্তবায়ন দেখে ২০২৬ সালের জন্যও একই কাঠামো বহাল রাখার পক্ষে মত দিয়েছে সরকার।
পতাকানিউজ/এনটি

