রাজধানীর আগারগাঁওয়ে ফয়সাল করিম মাসুদের বোনের বাসা থেকে ওসমান হাদীর ওপর গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একইদিন নরসিংদীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র্যাব-১১ এর একটি অভিযানিক দর। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র্যাব-২ এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক শামসুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সাল করিম মাসুদের বোনের বাসায় অভিযান চালিয়ে ২টি ভরা ম্যাগাজিন, ১১টি গুলি, ১টি চাকু, ১টি ট্যাব, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি পুরনো বাটন মোবাইল, ২টি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বই, ৬টি পাসপোর্ট এবং ৩৮টি চেক উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর ঘটনার দিন বেলা ১১টার দিকে মোটরসাইকেলে বাসা থেকে বের হন। বিকেল ৪টার দিকে ফয়সাল, আলমগীর ও পরিবারের সদস্যরা দুটি ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। এরপর বিকেল ৪টা ২০ মিনিটে ফয়সাল ও আলমগীর একটি সিএনজি অটোরিকশা নিয়ে চলে যান।
এদিকে, র্যাব-১১ নরসিংদী নরসিংদী সদর থানার তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিল থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এতে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি খেলনা পিস্তল এবং ৪১ রাউন্ড এমুনিশন পাওয়া গেছে। তথ্য দেয় ফয়সাল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদ (শিপু)। এ ঘটনায় ফয়সাল (২৫) নামে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।
পতাকানিউজ/এআই

