চট্টগ্রামের আগ্রাবাদে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে বিকেল ৫টার আগে ফুড ভ্যান, সন্ধ্যা ৬টার আগে অন্য দোকান বা হকার বসতে পারবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার, ১৫ সেপ্টেম্বর বিকেলে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা পরিদর্শনের সময় মেয়র এ নির্দেশনা দেন। নিয়ম ভাঙলে জেল-জরিমানাও করা হবে বলে জানান তিনি।
মেয়র বলেন, ‘ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ। এ এলাকার সুনামের সাথে দেশের জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন জড়িত। এখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আসে। অবৈধ হকারদের কারণে এখানে ট্রাফিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাই নির্ধারিত সময় এবং শৃঙ্খলা বজায় থাকাটাই মূল উদ্দেশ্য। খাবারের দোকানগুলোকে আমরা সন্ধ্যা শুরু হওয়ার আগে সাড়ে ৫টা থেকে ৫টায় বসার সুযোগ দিচ্ছি। যেন অফিস ফেরত জনগণ সহজে খাবার খেয়ে যেতে পারে। কিন্তু খাবার ছাড়া অন্য কোনো দোকান-হকারকে সন্ধ্যা ছয়টার আগে বসতে দেয়া হবে না। যারা নিয়ম ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাস্তায় কোনো স্থায়ী কাঠামো গঠন করা যাবে না জানিয়ে মেয়র বলেন, ‘চাইলে চাকাযুক্ত গাড়ি নিয়ে ব্যবসা করা যাবে। অবৈধভাবে রাস্তা-ফুটপাথ দখল করে স্থায়ী অবকাঠামো বা অস্থায়ী কংক্রিট ঘর নির্মাণ আমরা সহ্য করব না। প্রয়োজনে আমরা সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বসে ব্যবসার স্থান সমূহ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর উদ্যোগ নেব।’
আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা নিয়মিতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করবেন। পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরাও নিয়মিত তদারকি করবেন। আমাদের অভিযান আজকের জন্য নয়—এটি চলমান থাকবে এবং আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করব বলে হুঁশিয়ারি দেন মেয়র।
এসময় সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, অভিষেক দাশ, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) উপস্থিত ছিলেন।
পতাকানিউজ/আরএস/এসজিএন

