নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ফেনী-২ সংসদীয় আসনের বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এবি পার্টি ও জেএসডির ৫ প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর বিকেলে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন এ জরিমানা করেন। তফসিল ঘোষণার পর ফেনীতে এটিই প্রথম আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা।
অভিযান সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক দলের সকল ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও ব্যানার-পোস্টার অপসারণ না করায় ফেনী-২ আসনের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঞা, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন বলেন, নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে ও আচরণবিধি মেনে চলতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করায় পাঁচ প্রার্থীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। প্রতিনিধিরা জরিমানার অর্থ পরিশোধ করেছেন। একইসঙ্গে আজ সন্ধ্যার মধ্যে সকল পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের জন্য তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
পতাকানিউজ/এএএম/আরবি

