আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় বিএনপির গুলশান কার্যালয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলটির সভা অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই ‘ভারমুক্ত’ হতে পারেন তারেক রহমান।
দলীয় সূত্র জানিয়েছে, শুক্রবার রাতের বৈঠকটি পূর্ব নির্ধারিত নয়। আনুষ্ঠানিকভাবে কোনো আলোচ্যসূচি জানানো হয়নি স্থায়ী কমিটির অপর সদস্যদের। কিন্তু বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যারা। কারণ, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, চেয়ারপার্সনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানই হবেন পরবর্তী চেয়ারম্যান।
-এরই মধ্যে দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মারা গেছেন। সেই থেকে পদটি শূন্য হয়। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলীয় কার্যক্রম চালিয়ে নিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমন বাস্তবতায় রাতের বৈঠকটির আলোচ্যসূচি প্রকাশ না করায় স্থায়ী কমিটির সদস্যরা ধারণা করছেন, এই বৈঠকেই চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা হতে পারে। কারণ, সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। সেই হিসেবে চেয়ারম্যান পদটি শূন্য না রাখার বিষয়ে আলোচনা হতে পারে।
নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করে দলটি এখন সাংগঠনিকভাবে নতুন সূচনা করতে চায়। এই নতুন সূচনায় নেতৃত্বে আসতে পারেন তারেক রহমান।
অবশ্য, দলীয় সূত্র নিশ্চিত করেছে জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন।
গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, দু-একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।
খালেদা জিয়া ২০১৮ সালে কারাবন্দি হওয়ার পর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে দায়িত্বপালন করে যাচ্ছেন।
-পতাকানিউজ/এসএমআর

