শুরু হলো পবিত্র রমজান মাস। আজ, বৃহস্পতিবার প্রথম রোজা। রোজার প্রথমদিন থেকেই থেকে ছুটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সব স্কুল। এরপর রয়েছে শুক্র ও শনিবার। সবমিলিয়ে স্কুল খুলবে ২৯ মার্চ। অর্থাৎ টানা ৩৬ দিনের ছুটিতে স্কুল।
বুধবার, ১৮ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।
এতে বলা হয়, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে।
শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল। দায়িত্ব নেয়ার প্রথম দিনেই, আগের সে সিদ্ধান্ত থেকে সরে আসে নতুন সরকার।
এর আগে, সোমবার, ১৬ ফেব্রুয়ারি রমজানে মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
তারও আগে ১৫ ফেব্রুয়ারি, রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রমজানের শুরু থেকেই স্কুল বন্ধের আদেশ দেন। আদেশে বলা হয়েছিল, রমজানে সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে অর্থাৎ রমজানের শুরু থেকে বন্ধ থাকবে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো এ আদেশের আওতায় ছিল না।
পতাকানিউজ/আরবি

