ব্যাংক হলিডে আজ বুধবার, ১ জুলাই । এ উপলক্ষে সারা দেশের ব্যাংকগুলোতে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও।
তবে বাংলাদেশ ব্যাংকসহ সব তফশিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব কার্যালয়ে শুধু প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কাজ পরিচালিত হবে। গ্রাহকদের কোনো ধরনের ব্যাংকিং সেবা দেয়া হবে না।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রতিবছর ১ জুলাই ব্যাংক খাতে অর্ধবার্ষিক সমাপনী উপলক্ষে ব্যাংক হলিডে পালন করা হয়। এসময় জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের হিসাব-নিকাশ চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে ব্যাংকগুলো।
এ কারণে বুধবার কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ শাখাভিত্তিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম। তবে এটিএম, কার্ডভিত্তিক লেনদেন ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) স্বাভাবিকভাবে চালু থাকবে। আন্তঃব্যাংক নিষ্পত্তিনির্ভর কিছু সেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।
ব্যাংক বন্ধ থাকায় স্টক মার্কেটের সব লেনদেনও স্থগিত থাকবে। কারণ, শেয়ারবাজারে লেনদেনের অধিকাংশ কার্যক্রম ব্যাংকিং চ্যানেলের সঙ্গে সম্পৃক্ত। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলে শেয়ারবাজারের ক্লিয়ারিং ও সেটেলমেন্ট প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে বাজারও বন্ধ রাখতে হয়।
বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী প্রতি বছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়। এ দুই দিনে গ্রাহক পর্যায়ের লেনদেন বন্ধ রেখে ব্যাংকগুলো অভ্যন্তরীণ হিসাব-নিকাশ, আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে।
পতাকানিউজ/আরবি

