ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মরদেহ শুক্রবার, ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে বলে জানা গেছে। প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট (শুক্রবার) স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ওসমান হাদীকে নিয়ে রওয়ানা করবে। ঢাকায় অবতরণ করবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া দেশে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টায় দিকে ওসমান হাদী সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও মৃত্যুর খবরটি জানানো হয়।
প্রসঙ্গত, শুক্রবার, ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে এসে দুজন দুর্বৃত্ত হাদীকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৮টায় হাদীকে ঢামেক হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর সোমবার, ১৫ ডিসেম্বর দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে হাদীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি।
পতাকানিউজ/আরবি

