আঞ্চলিক বৈষম্য কমানো এবং সাধারণ মানুষের জন্য কার্যকর সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার খাতে ২৯টি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। এসব প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, ‘স্থানীয় সরকার থেকে আমরা আঞ্চলিক বৈষম্য নিরসনে ইতোমধ্যে প্রয়োজনীয় ২৯টা প্রজেক্ট ডেভেলপমেন্ট করেছি। এটা একদিনে বা রাতারাতি সমাধান হয়ে যাওয়া সম্ভব না। সঠিক সদিচ্ছা থাকলে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো সমাধান হয়ে যাবে।’
তিনি আরও উল্লেখ করেন, ভোট চুরি ও কেন্দ্র দখলের কারণে স্থানীয় সরকার ব্যবস্থার একাধিক প্রতিষ্ঠান ভেঙে দিতে হয়েছে। তাঁর ভাষায়, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা ভাঙার পর প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। ফলে সরকারি কর্মকর্তাদের অতিরিক্ত ২-৩টি দায়িত্ব সামলাতে হচ্ছে, যা তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে। তবে ইউনিয়ন পরিষদ পর্যায়ে পর্যাপ্ত জনবল না থাকায় সেই প্রতিষ্ঠানগুলো ভাঙা হয়নি। পালিয়ে যাওয়া চেয়ারম্যানদের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানরা দায়িত্ব পালন করছেন।
নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সরকার আগামী ফেব্রুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সম্ভব হয়নি। তিনি জানান, জুলাই সনদ নিয়ে কমিশনের বৈঠকে যদি দলগুলো ঐকমত্যে পৌঁছায়, তাহলে নির্বাচনের পথ সুগম হবে।’
পতাকানিউজ/এনটি

