রাজধানী ঢাকার গুলশান-১ সিগন্যালে মাত্র আড়াই মাসে ৪৮ লাখবার ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিভিন্ন যানবাহন। এর মধ্যে গণপরিবহন বাসই সবচেয়ে বেশি। এমনকি কোনো কোনো বাস ৩০০ বারের বেশি আইন ভঙ্গ করেছে।
সম্প্রতি এই তথ্য উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত একটি পর্যবেক্ষণ থেকে।
ট্রাফিক্স নামের একটি সংস্থা পরীক্ষামূলকভাবে গত জুন থেকে গুলশান-১ মোড়ে ১০টি ক্যামেরা বসিয়ে এ তথ্য সংগ্রহ করেছে। ১ জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সংগৃহীত তথ্য বিশ্লেষণে এই চিত্র পাওয়া যায়।
ট্রাফিক্সের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী সাদমান সাদী বলেন, গত আড়াই মাসে আমরা প্রায় ৪৮ লাখ নিয়ম ভঙ্গের ঘটনা পেয়েছি। আমাদের সিস্টেম দিয়ে ই-কেস ফাইন করা সম্ভব। চাইলে আইন অনুযায়ী অভিযুক্তকে শাস্তির আওতায় আনা যাবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, ট্রাফিক্সের এই উদ্যোগ ই-মামলা দায়েরের ক্ষেত্রে সহায়ক হবে।
গুলশান-১ ট্রাফিক ইন্সপেক্টর কে এম মেহেদী হাসান বলেন, এ প্রযুক্তি ব্যবহার করলে কখন কে নিয়ম ভঙ্গ করেছে, তার রেকর্ড থাকবে। সেই রেকর্ড দেখে আমরা প্রসিকিউশনে যেতে পারবো।
রাজধানীর যানজটের অন্যতম কারণ ট্রাফিক আইন ভঙ্গ করা— এ বিষয়টি নগর পরিকল্পনাবিদরাও দীর্ঘদিন ধরে বলে আসছেন।
পরিকল্পনাবিদ অধ্যাপক আকতার মাহমুদ বলেন, যেকোনো ইনোভেটিভ আইডিয়া অবশ্যই প্রথমে সাধুবাদ পাওয়ার যোগ্য। কয়েকটি ইন্টারসেকশনে এ ধরনের প্রকল্প চালু করা গেলে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বড় স্কেলে নেওয়া সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, সমন্বয়ের অভাবে এর আগে অনেক প্রকল্প ভেস্তে গেছে। তাই এবার ট্রাফিক ব্যবস্থায় নতুন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
পতাকানিউজ/এআই

