জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করেছে পুলিশ।
আজ মঙ্গলবার, ২১ অক্টোবর বিকেলে রাজধানীর বংশাল থানা পুলিশ জুবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, তার প্রেমিক মো. মাহির রহমান ও বন্ধু ফারদীন আহম্মেদ আয়নালকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আশরাফ হোসেন তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেছেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারের পর তারা হত্যার পরিকল্পনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং আদালতে জবানবন্দি দিতে ইচ্ছুক।
গত ১৯ অক্টোবর বিকেলে বংশালের নূর বক্স লেনের একটি ভবনে জুবায়েদকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। তিনি সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষাকে টিউশনি পড়াতে গিয়েছিলেন।
ঘটনার পরই পুলিশ বর্ষাকে হেফাজতে নেয় এবং পরে মাহির ও আয়নালকে কেরানীগঞ্জ ও শান্তিনগর এলাকা থেকে আটক করে। পরদিন সকালে জুবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বংশাল থানায় মামলা করেন।
এ মামলায় তিনজনকে নামীয় আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে জুবায়েদকে হত্যা করে।
এদিকে তিন আসামিকে আদালতে হাজির করার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। তারা হত্যাকারীদের ফাঁসি দাবি করেন এবং দ্রুত বিচারের দাবি জানান।
পতাকানিউজ/এআই

