আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে। ১০ জানুয়ারি, শনিবার থেকে শুরু হয় এ শুনানি। এ পর্যন্ত টানা চারদিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে প্রার্থীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত শুনানির চারদিনে ২০৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া নামঞ্জুর করা হয়েছে ৬৪ জনের এবং অপেক্ষমান রাখা হয়েছে ১৩টি আবেদন।
ইসির প্রাপ্ত তথ্যে জানা যায়, মঙ্গলবার, ১৩ জানুয়ারি আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৩ জন। নামঞ্জুর হয়েছে ১৭ জন প্রার্থীর আপিল।
সোমবার, ১২ জানুয়ারি আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পান ৪০ জন। নামঞ্জুর হয় ২৫ প্রার্থির আপিল। পাশাপাশি চারজনের আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয় এবং একজনের আপিল শুনানি করা সম্ভব হয়নি।
এর আগে রবিবার, ১১ জানুয়ারি দ্বিতীয় দিনের শুনানিতে ৫৮টি আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন। আপিল শুনানিতে ৭টি আবেদন নামঞ্জুর হয় এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।
এছাড়া শনিবার, ১০ জানুয়ারি প্রথম দিনের শুনানিতে ৭০ জন প্রার্থীর মধ্যে বৈধতা পান ৫২ প্রার্থী। আর ১৫ জন প্রার্থীর আপিল না মঞ্জুর করেছে এবং তিনজন প্রার্থীর আপিল আবেদন বিবেচনাধীন রাখে নির্বাচন কমিশন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫টি আপিল আবেদন জমা হয় নির্বাচন কমিশনে (ইসি)। শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিল, রবিবার ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার ১২ জানুয়ারি ১৪১-২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
পতাকানিউজ/আরবি

