আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ভোরে এ হামলা চালানো হয়। জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুল।
অপরদিকে আফগানিস্তানের তালেবান জানিয়েছে, তারা যৌথ সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়ে জবাব দিয়েছে।
পাকিস্তান বলছে, আফগান শহরগুলোতে তাদের ‘পাল্টা হামলা’ ছিল ‘আফগান হামলার’ জবাব।
গত বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় আফগানিস্তান।
আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘পাকিস্তান রাজধানী কাবুল, পাকতিকা এবং কান্দাহারের কিছু স্থানে বোমা হামলা করেছে। তবে তার দাবি এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, তাদের বাহিনীগুলো “যেকোনো আক্রমণাত্মক উদ্দেশ্য সম্পূর্ণরূপে নস্যাৎ করতে সক্ষম”।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানান, কাবুল, পাকতিকা ও কান্দাহারে আফগান তালেবানের প্রতিরক্ষা ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে পাকিস্তান।
প্রসঙ্গত, শনিবার, ২১ ফেব্রুয়ারি স্থানীয় সময় মধ্যরাতে আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় পাকিস্তান। হামলায় নারী ও শিশুসহ অনেকে হতাহত হয়েছেন। হামলার নিন্দা জানায় আফগানিস্তান।
তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও দাবি, তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে।
তবে হতাহতের যেসব সংখ্যার কথা বলা হচ্ছে তা নিশ্চিত করা যায়নি।
বিবিসি-
পতাকানিউজ/আরবি

