জীবিকার অন্বেষণে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক একরামুল হকের (৩৪)। তিনি ফেনীর দাগনভূঞা পৌরসভার উদরাজপুর গ্রামের মজিবুল হকের ছেলে।
সোমবার, ১১ আগস্ট দিবাগত রাতে আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই শহিদ উল্লাহ।
পারিবারিক সূত্র জানায়, দক্ষিণ আফ্রিকায় শনিবার ৯ আগস্ট রাতে পৌঁছেন একরামুল। রোববার আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের ডেলমাসে ১৯ বাংলাদেশি একটি মাইক্রোবাসে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই নোয়াখালীর বেগমগঞ্জের নুরুল আমিন ও মানিকগঞ্জ জেলার নাঈম আহমেদ নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় একরামুলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত একরামুল হক ৪ ভাই-বোনের মধ্যে সবার ছোট। ব্যক্তিগত জীবনে তাঁর তিন বছরের একটি মেয়ে ও চার মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের চাচাতো ভাই শহিদ উল্লাহ জানান, রাতে মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তাঁর মা পেয়ারা বেগম বার বার মূর্ছা যাচ্ছেন। বৃদ্ধ পিতা ছেলের শোকে আচ্ছন্ন হয়ে বাকরুদ্ধ। একরামের লাশ দেশে আনার ব্যাপারে প্রবাসী বাংলাদেশিদের সাথে যোগাযোগ চলছে।
দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দাগনভূঞার যুবক নিহত হওয়ার বিষয়টি জানতে পেরেছি।
পতাকানিউজ/এমওয়াই

