মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অস্বাস্থ্যকর পরিবেশ, অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও খাদ্যপণ্য লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া না মানা এবং মেয়াদে কারচুপিসহ বিভিন্ন অপরাধে হাইওয়ে সুইটস এণ্ড বেকারি ও গাউসিয়া সুইটস এণ্ড বেকারি ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর সকালে নগরীর হালিশহর এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান তুরান।
অভিযানে মেসার্স গাউসিয়া সুইটস এণ্ড বেকারিকে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমান ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, খাদ্যপণ্য লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ লেবেলিংসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া হাইওয়ে সুইটস এণ্ড বেকারিকে অসম্পূর্ণ লেবেলিং, মেয়াদে কারচুপি, মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান তুরান জানান, অভিযানে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় গাউসিয়া সুইটসকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী ৩ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাইওয়ে সুইটসকে ২০ টাকাসহ মোট ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর এবং হালিশহর থানা পুলিশের একটি টিম সার্বিক সমন্বয় করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, রবিবার, ৯ নভেম্বর সকালে চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকার হাইওয়ে সুইটসে মিষ্টির শিরায় ছোট-বড় তেলাপোকা, পাখনা ও ডিম পড়ে থাকাসহ বিভিন্ন অসঙ্গতির কারণে দেড় লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
পতাকানিউজ/আরবি

