দেশের বাজারে আবারও বাড়তে পারে ভোজ্যতেলের দাম। লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।
সংস্থাটি বলেছে, সাম্প্রতিক সময়ে গড় এলসি মূল্য, ইনবন্ড ও এক্সবন্ড খরচ এবং ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় তেলের দাম সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে। ফলে বছরের শেষদিকে বাজারে ভোজ্যতেলের দাম আরও এক দফা বাড়তে পারে।
সোমবার (১০ নভেম্বর) বিটিটিসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই তেল মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন তেল ১৮৯ টাকায় বিক্রির অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু এর পর থেকে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানি ব্যয় বেড়ে গেছে।
নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬২ ডলার এবং পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার। এই পরিস্থিতিতে আমদানি ব্যয় ও বিনিময় হার বিবেচনায় দেশে তেলের দাম বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছে বিটিটিসি।
সুপারিশে বলা হয়েছে, প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা দরে হিসাব করলে বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৮ টাকা ২৭ পয়সা এবং খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১৭৭ টাকা ৮৫ পয়সা করা উচিত।
এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ।
পতাকানিউজ/এআই

