বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ বা সর্বনিম্ন ২ হাজার টাকা হারে বাড়ানোর সরকারের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষকরা। এর প্রতিবাদে আজ সোমবার (২০ অক্টোবর) থেকে তারা আমরণ অনশনে বসেছেন।
অনশন কর্মসূচি সকাল ১০টা থেকে শুরু হবে। একই সঙ্গে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মবিরতিও আরও জোরদার করা হবে, জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।
রবিবার (১৯ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই কর্মসূচি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে। আগামীকাল থেকে কোনো শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান বা প্রশাসনিক কাজ করবেন না। পরীক্ষার ডিউটি, অফিস ফাইল—সবকিছুই বন্ধ থাকবে।
দেলাওয়ার হোসেন আজিজী আরও বলেন, “শিক্ষা উপদেষ্টা আমাদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। তার প্রতি আমাদের কোনো আস্থা নেই। আমাদের আন্দোলন চলবে, প্রয়োজনে এটি জাতীয়করণের এক দফা আন্দোলনে রূপ নেবে।”
অন্যদিকে, সরকারের অর্থ বিভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে বা সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে। এই সুবিধা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
রবিবার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পতাকানিউজ/এনটি

