বাংলাদেশে ছাত্রদলকে কেউ দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তাঁর ভাষায়, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল প্রয়োজনে তাদের ‘বিষ দাঁত’ উপড়ে ফেলতে সক্ষম।
রোববার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে জাতীয়তাবাদী ছাত্রদল এই সমাবেশের আয়োজন করে।
রাকিবুল ইসলাম আরও বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশ দেন, তাহলে দেশের সর্বত্র অবরোধ কর্মসূচি কার্যকর করার ক্ষমতা রাখেন তাদের নেতা-কর্মীরা।
সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশ সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। কর্মসূচির শুরুতে গত ১৫ বছরে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে নিহত ছাত্রদল নেতাকর্মীদের স্মরণ করেন নাছির উদ্দীন।
বক্তব্যে তিনি বলেন, অতীতের স্বৈরাচার সরকারের সময়ে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মী হাসিনা সরকারের বিভিন্ন বাহিনীর হাতে গুম ও খুনের শিকার হয়েছেন।
এদিন সমাবেশস্থলে আসা নেতা-কর্মীদের অনেকের কপাল ও মাথায় জাতীয় এবং দলীয় পতাকা বাঁধা ছিল, কারও মাথায় ছিল ছাত্রদলের নাম ও লোগোযুক্ত ব্যান্ড। হাতে ছাত্রদল ও বিএনপির পতাকাও দেখা গেছে বহুজনের।
পতাকানিউজ/এনটি

