দু’বার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট চূড়া স্পর্শসহ একাধিক পর্বত জয়কারী ব্রিটিশ বাংলাদেশি পর্বতারোহী আখলাকুর রহমান ওরফে আকি রহমান দ্বিতীয়বার নেপালে অবস্থিত পৃথিবীর সবচেয়ে কঠিনতম পর্বত হিমালয় আমা দাবলাম জয় করেছেন।
বুধবার, ১৫ অক্টোবর নেপালের স্থানীয় সময় সকাল ৫টা ৫০ মিনিটে তিনি আমা দাবালামের চূড়ায় পৌঁছান। পর্বত চূড়ায় পৌঁছানোর পর বাংলাদেশের পতাকা উড়িয়ে বিজয় উল্লাস করেন তিনি।
শুক্রবার, ১৭ অক্টোবার বিষয়টি নিশ্চিত করে আকি রহমান মুঠোফোনে পতাকানিউজকে বলেন, ‘দেশের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে পর্বতের চূড়ায় পতাকা উড়িয়েছি। আমি আমার দেশকে খুব ভালোবাসি। এ অর্জন শুধু আমার নয়, আমার মাতৃভূমির। সবার দোয়ায় আমি একসঙ্গে ১৪টি পর্বতশৃঙ্গ জয়ের মিশনে রয়েছি।
আকির খালাত ভাই সামিনুর রহমান জানান, গত ১৬ সেপ্টেম্বর ১৪টি পর্বতশৃঙ্গ জয়ের মিশন নিয়ে তিনি যুক্তরাজ্য থেকে নেপালে যান। ২৫ সেপ্টেম্বর নেপালের মানাসলু জয়ের পর ১৫ অক্টোবর আমা দাবলাম জয় করেছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
পর্বতারোহী আখলাকুর রহমান আকি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মরহুম হাজি ইছকন্দর আলীর ছেলে। তিনি বিশ্বজুড়ে আকি রহমান নামেই পরিচিত। জন্মসূত্রে আকি রহমান যদিও বাঙালি। তবে মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে পারি জমান যুক্তরাজ্যের ইংল্যান্ডে। তার শৈশব কেটেছে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে। পাঁচ ভাইয়ের মধ্যে আকি রহমান সবার বড়। স্ত্রী হেনা রহমান। দাম্পত্যজীবনে আকি রহমান তিন সন্তানের জনক।
প্রসঙ্গত, ২০২০ সালের জুলাই মাসে আফ্রিকার তানজিনিয়ার সবচেয়ে উঁচু পর্বত যার উচ্চতা ৫ হাজার ৮৯৫ মিটার এবং মাউন্ট কিলিমানজারো জয় করে প্রথম সাফল্য অর্জন করেন আকি। এরপর ফ্রান্সের সবচেয়ে উঁচু পর্বত ৪ হাজার ৮১০ মিটার মন্ট ব্লাংক, একই বছরের অক্টোবরে তৃতীয়বার ২৪ ঘণ্টায় জয়ের চ্যালেঞ্জ নিয়ে রাশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এলব্রস, যা কিনা মাত্র ৮ ঘণ্টায় আরোহণ করে বিজয়ী হন।
পাশাপাশি রাশিয়ার কারবাদিনো-বলকারিয়াও জয় করেন আকি রহমান। ২০২১ সালে নেপালে অবস্থিত পৃথিবীর সবচেয়ে কঠিনতম পর্বত হিমালয় আমা দাবলাম জয় করেন তিনি। যার উচ্চতা ৬ হাজার ৮৫৬ মিটার। ২০২২ সালের ১৩ মে হিমালয়েরে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের মাধ্যমে প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্ট জয়ীর তালিকায় নাম লেখান বাংলাদেশি বংশোদ্ভূত পর্বতারোহী আকি। এরপর তিনি ২০২৪ সালের ২২ মে দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শ করেন।
পতাকানিউজ/এডি/আরবি

