নিখোঁজের দুদিন পর পাবনার বেড়া উপজেলায় রহিম খান নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার, ২২ জুলাই সকাল সাড়ে ১১ টায় উপজেলার আমিনপুর থানার দারিয়াপুর গ্রামের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রহিম খান বেড়া (৬৫) উপজেলার টাংবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পেশায় তিনি লেবু বিক্রেতা ছিলেন।
আমিনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, স্থানীয় আম ব্যবসায়ী দারিয়াপুর গ্রামের আবুল কাশেমের আম বাগানে আম পাড়তে গিয়ে রহিম খানের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই আওলাদ আরও জানান, রহিম খান পেশায় লেবু বিক্রেতা ছিলেন। গত শনিবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
আমিনপুর থানার ওসি হুমায়ূন কবির বলেন, মরদেহটি দুই থেকে তিন দিন আগে থেকে সেখানে ঝুলন্ত অবস্থায় ছিল। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
পতাকানিউজ/এমএসআর/আরবি

