আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল। বিসিবি সূত্রে জানা গেছে, ঘরের মাঠে আয়োজিত দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-২০ সিরিজে আশরাফুল ব্যাটিং বিভাগ সামলাবেন।
আশরাফুল এর আগে বিপিএলের রংপুর রাইডার্সের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এনসিএল টি-২০ টুর্নামেন্টে বরিশাল দলের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালেই জাতীয় দলের কোচিং স্টাফে আশরাফুলের যুক্ত হওয়ার গুঞ্জন উঠেছিল। তখন তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিসিবির সঙ্গে তার দায়িত্ব নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে কী ধরনের দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে তখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আশরাফুল বলেছিলেন, বোর্ড থেকে যোগাযোগ করা হয়েছে, তবে সবকিছুই এখনো আলোচনার পর্যায়ে। আমি কাজ করার বিষয়ে ইতিবাচক মতামত জানিয়েছি।
বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে ব্যাটিং কোচের পদ শূন্য। সহকারী সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাময়িকভাবে ব্যাটিং কোচের ভূমিকা পালন করলেও সাম্প্রতিক এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থতার পর তার কোচিং নিয়ে প্রশ্ন ওঠে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি সাংবাদিকদের জানান, তিন ফরম্যাটের খেলা ও ব্যাটিংয়ের ধরন আলাদা। তাই দলে একজন বিশেষায়িত ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
নতুন সূচি অনুযায়ী, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হবে ১১ নভেম্বর সিলেটে, দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর মিরপুরে, এরপর ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে। এই লাল ও সাদা বলের সিরিজে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের ব্যাটিং বিভাগে দিকনির্দেশনা দেবেন মোহাম্মদ আশরাফুল।
পতাকানিউজ/এনএফএম

