চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে আরও ৩ খুনের মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। ইতিমধ্যে জামিননামা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছেছে। তবে এখনই জামিনে মুক্তি পাচ্ছেন না তিনি। তার বিরুদ্ধে আর বেশ কয়েকটি মামলা রয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ সৈয়দ শাহ শরীফ জানান, শেষ তিনটি খুনের মামলাসহ মোট সাতটি মামলায় জামিন পেয়েছেন সাজ্জাদ হোসেন। তবে এখনই জামিনে মুক্তি পাচ্ছেন না তিনি। তার নামে আরও মামলা রয়েছে। বর্তমানে তিনি রাজশাহী কারাগারে আছেন। তার জামিননামা সেখানে পাঠিয়ে দেয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, জামিন হওয়া সাতটি খুনের মামলার মধ্যে চারটি নগরের চান্দগাঁও থানায় ও তিনটি পাঁচলাইশ থানায় হয়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে খুনের অভিযোগ ও বিস্ফোরক আইনে এসব মামলা করা হয়।
এদিকে চান্দগাঁও থানার নতুন দুই মামলায় সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। সোমবার, ১৫ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা আদালত এ আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, দুই মামলায় সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। আসামিরা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
রবিবার, ১৪ ডিসেম্বর, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
আদালত সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলায় ফজলে রাব্বী নিহত ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় মামলা দুটি করা হয়।
পুলিশ ও আদালত সূত্র জানা গেছে, সন্ত্রাসী ছোট সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯ মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধেও একাধিক হত্যাসহ আটটি মামলা রয়েছে। গত সেপ্টেম্বরে চারটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে তারা দুজন জামিন পান। তবে ওই আদেশ চলতি সপ্তাহের শেষের দিকে চট্টগ্রামের আদালতে এসে পৌঁছায়। শারিমন তামান্না বর্তমানে ফেনী কারাগারে রয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১৫ মার্চ রাজধানীর একটি শপিং মল থেকে গ্রেপ্তার হয় ছোট সাজ্জাদ। এরপর ডাবল মার্ডারসহ একের পর এক হত্যাকাণ্ডে নাম ওঠে আসে ছোট সাজ্জাদের। তার বাহিনীর রায়হান, ইমনসহ দুর্ধর্ষ সন্ত্রাসীরা চট্টগ্রামে একের পর এক হত্যাকাণ্ড ও চাঁদাবাজি চালাচ্ছে। এ সংক্রান্ত একাধিক মামলা হলেও তার সহযোগিরা সবাই ধরাছোঁয়ার বাইরে। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে বলে জানায়।
পতাকানিউজ/আরবি

